শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা থানার কেষ্টপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালানো হলে বাইকের গোপন চেম্বার থেকে প্লাস্টিকে মোড়া অবস্থায় উদ্ধার হয় ৪৪ গ্রাম ব্রাউন সুগার। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় দুই যুবককে। ধৃতদের নাম শাকিল আনসারি ও আরবাজ আলম।
দুজনেই উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়ার বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কালিয়াগঞ্জ থেকে মাদক এনে ঘোষপুকুর এলাকায় পাচারের পরিকল্পনা ছিল তাদের। পুলিশের নজর এড়াতে চা বাগানের রাস্তা ব্যবহার করছিল অভিযুক্তরা।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এর আগেও একই কৌশলে কালিয়াগঞ্জ থেকে মাদক এনে ডালখোলায় পাচার করেছিল এই চক্র। তবে এবার বাগডোগরা থানার পুলিশের জিরো টলারেন্স অভিযানে ধরা পড়ে যায় তারা।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি সাজিদ ইকবালের নেতৃত্বে ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ। মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
