সরকারি জমি দখল ও বেআইনি বিক্রির অভিযোগ, খড়িবাড়িতে গ্রেফতার আরও ২
খড়িবাড়ি: সরকারি জমি দখল করে বেআইনিভাবে বিক্রির অভিযোগকে কেন্দ্র করে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন ইন্দো-নেপাল সীমান্তের মেচি মার্কেট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করেছে খড়িবাড়ি থানার পুলিশ।
ধৃতরা হলেন দিগেন সিনহা ও উত্তম বর্মন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনই এলাকায় তৃণমূল নেতা বা কর্মী হিসেবে পরিচিত।
জানা গিয়েছে, মেচি মার্কেট ব্যবসায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০২০ সালে রাজ্য সরকারের কাছ থেকে প্রায় ৭.৯২ একর জমি লিজ নেয়। অভিযোগ, লিজ নেওয়া জমির বাইরেও প্রায় ৩.৬১ একর সরকারি জমি বেআইনিভাবে দখল করে তা বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে।
অভিযোগ আরও, সরকারি জমির ভুয়ো নথি তৈরি করে বিভিন্ন মানুষের কাছে জমি বিক্রি করে কোটি কোটি টাকা তোলা হয়েছে। এই অভিযোগে গত ৮ আগস্ট ফাঁসিদেওয়ার বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে খড়িবাড়ি থানার পুলিশ। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের নথি খতিয়ে দেখার পাশাপাশি জমির মালিকানা ও লেনদেন সংক্রান্ত তথ্য সংগ্রহ শুরু হয়। তদন্তের পর সরকারি জমি
বেআইনিভাবে বিক্রির অভিযোগে প্রথমে হান্দ্রু ওঁরাওকে গ্রেফতার করা হয়। তিনি মেচি মার্কেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি, প্রাক্তন প্রধান এবং তৃণমূল নেতা হিসেবে এলাকায় পরিচিত বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, হান্দ্রু ওঁরাওকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই তদন্তের পরিধি আরও বাড়ানো হয় এবং এরপর দিগেন সিনহা ও উত্তম বর্মনকে গ্রেফতার করা হয়।
ধৃতদের বিরুদ্ধে BNS-এর 316(2), 318(2), 336(3), 338, 340(2), 111(1), 111(3), 111(6) এবং 111(7) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশ রিমান্ডে নিয়ে এই জমি সংক্রান্ত ঘটনায় আরও কারা জড়িত রয়েছে, জমি বিক্রির নেপথ্যে কোনও চক্র কাজ করেছে কি না এবং আর্থিক লেনদেনের পরিমাণ কত—তা খতিয়ে দেখতে তদন্ত চালানো হবে।
তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের দাবি, তারা মেচি মার্কেট ব্যবসায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন না। তাদের বক্তব্য, “তৃণমূল কর্মী বলেই গ্রেফতার করা হয়েছে।”
অভিযোগ ও পাল্টা দাবির মধ্যেই সরকারি জমি দখল ও বেআইনি বিক্রির এই ঘটনায় তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রয়েছে।
More.. সরকারি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার নকশালবাড়ির প্রাক্তন উপপ্রধান
খড়িবাড়ি সরকারি জমি, পানিট্যাঙ্কি মেচি মার্কেট, সরকারি জমি দখল, সরকারি জমি বিক্রি, দিগেন সিনহা, উত্তম বর্মন, হান্দ্রু ওঁরাও, খড়িবাড়ি থানার পুলিশ, মেচি মার্কেট জমি কাণ্ড,
খড়িবাড়ি, পানিট্যাঙ্কি, মেচি মার্কেট, সরকারি জমি, জমি দখল, জমি বিক্রি, গ্রেফতার, উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, পশ্চিমবঙ্গ,
