পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে নকশালবাড়ির কোটিয়াজোত সংলগ্ন শ্মশান মাঠ এলাকায় কয়েকজন যুবকের সন্দেহজনক জমায়েতের খবর পান স্থানীয় বাসিন্দারা। মাদক লেনদেনের আশঙ্কায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক সন্দেহভাজন যুবককে আটক করে। গেজেটেড অফিসারের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে একটি প্যাকেটে রাখা মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে পরীক্ষার মাধ্যমে সেটি ব্রাউন সুগার বলে নিশ্চিত হয় পুলিশ। উদ্ধার হওয়া মাদকের মোট ওজন ৫১ গ্রাম।
ধৃত যুবকের নাম দিবাকর সিকদার (২৩)। তিনি নকশালবাড়ির খালপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে।
পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারের ফলে সাধারণ মানুষের সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভবিষ্যতেও মাদক কারবার রুখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে বলে নকশালবাড়ি থানা সূত্রে জানানো হয়েছে।
