পানিট্যাঙ্কি সীমান্তে মানব পাচারের ছক বানচাল, ৪ নাবালিকাসহ ৬ মহিলাকে উদ্ধার! গ্রেফতার ২
খড়িবাড়ি: ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকায় মানব পাচারের অভিযোগে বড়সড় সাফল্য পেল এসএসবি। সীমান্ত পারাপারের আগে ৪ নাবালিকাসহ মোট ৬ মহিলাকে উদ্ধার করার পাশাপাশি মানব পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে খড়িবাড়ি থানার পুলিশ।
এসএসবি সূত্রে জানা গিয়েছে, পানিট্যাঙ্কি ইন্দো-নেপাল সীমান্ত দিয়ে কয়েকজন মহিলাকে নেপালে পাচারের পরিকল্পনা রয়েছে—এমন তথ্য আগে থেকেই তাদের কাছে ছিল। সেই সূত্রের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়।
গতকাল সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় এসএসবি জওয়ানদের নজরে আসে ছয় মহিলার সঙ্গে দুই ব্যক্তি সীমান্ত পারাপারের চেষ্টা করছেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় নথিপত্র পরীক্ষা করার পাশাপাশি জিজ্ঞাসাবাদ শুরু করেন জওয়ানরা। মহিলাদের আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করতেই তাদের বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে।
এরপর এসএসবি এবং সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করেন। পাশাপাশি উদ্ধার হওয়া মহিলাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। তদন্তে প্রাথমিকভাবে উঠে আসে, ত্রিপুরা থেকে কাজের প্রলোভন দেখিয়ে ওই মহিলাদের নেপালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল।
জানা গিয়েছে, উদ্ধার হওয়া ছয়জনই ত্রিপুরার বাসিন্দা। তাঁদের মধ্যে চারজন নাবালিকা। কোশী লোক মঞ্চের সদস্য রোশনি রায়ের দাবি, দুই নাবালিকার নিখোঁজ সংক্রান্ত অভিযোগ ইতিমধ্যেই ত্রিপুরার থানায় রয়েছে। অন্য চারজনের পরিবারের সদস্যরা তাঁদের নেপালে যাওয়ার বিষয়টি জানতেন না বলেও দাবি করা হয়েছে।
ঘটনার পর মানব পাচারের অভিযোগে দুই সন্দেহভাজনকে আটক করে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। পুলিশ তাদের গ্রেফতার করেছে। ধৃতদের নাম নির্মল দেববর্মা এবং চিন্ময় বসাক। নির্মল ত্রিপুরার বাসিন্দা এবং চিন্ময় জলপাইগুড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে।
ধৃত দুই অভিযুক্তকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। আদালতের কাছে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখবে পুলিশ। খড়িবাড়ি থানায় ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ আগস্টও মানব পাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করার পাশাপাশি এক নাবালিকাকে উদ্ধার করেছিল এসএসবি। পরপর এই ধরনের ঘটনায় ভারত-নেপাল সীমান্তে মানব পাচারচক্র সক্রিয় রয়েছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই পাচারচক্রের আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
পানিট্যাঙ্কি সীমান্তে আটক ২ বাংলাদেশী নাগরিক, অবৈধ অনুপ্রবেশের অভিযোগ
পানিট্যাঙ্কি মানব পাচার, ভারত নেপাল সীমান্ত, মানব পাচার, SSB, খড়িবাড়ি পুলিশ, নাবালিকা উদ্ধার, Panitanki Border News, Human Trafficking
