বিশ্বকাপ জয়ের পর এই প্রথম নিজের মাটিতে ফিরে রিচা। শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে তাঁকে সংবর্ধনা জানাতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের খবর ছড়াতেই সকাল থেকেই উপচে পড়ে মানুষের ঢল।
সংবর্ধনার আগে রিচা পরিদর্শন করেন নক্সালবাড়ির স্কুলডাঙ্গি সংলগ্ন এলাকা এবং মনিরাম গ্রাম পঞ্চায়েতের সুরজবর অঞ্চল—সম্ভাব্য উন্নয়নমূলক ক্রীড়া অবকাঠামোর জন্য জমি ঘুরে দেখেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি, মহকুমা শাসক বিকাশ রুহেলা এবং পরিষদের অন্যান্য নির্বাচিত প্রতিনিধি।
জমি পরিদর্শন শেষে নক্সালবাড়ি বাজারে রিচাকে দেওয়া হয় গ্র্যান্ড ওপেন-জিপ ওয়েলকাম—যেখানে স্থানীয় মানুষ, ছাত্রছাত্রী, ক্লাব প্রতিনিধি থেকে শুরু করে অসংখ্য ক্রিকেট ভক্ত উচ্ছ্বাসে ফেটে পড়েন। পরে শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং নক্সালবাড়ির বিভিন্ন ক্লাব ও বিদ্যালয়ের পক্ষ থেকেও রিচাকে সম্মান জানানো হয়।
রিচার সংক্ষিপ্ত বার্তা—
“নক্সালবাড়ির এই ভালোবাসা অসাধারণ। আগামী দিনে গ্রামীণ এলাকায় ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার জন্য কাজ করতে চাই।”
ক্রিকেট মহলের মতে, রিচার এই জমি পরিদর্শন ভবিষ্যতে ইন্ডোর স্টেডিয়াম অথবা ক্রিকেট একাডেমি গঠনের দিকেই ইঙ্গিত করছে—যা এখন সময়ের অপেক্ষা মাত্র।
