আটক ব্যক্তির নাম মোহাম্মদ মুক্তার হোসেন (৩৬)। তিনি বাংলাদেশের ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ৩০ আগস্ট ২০২৩ সালে হরিদাসপুর আইসিপি দিয়ে বৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তবে তার ভিসার মেয়াদ ২৩ সেপ্টেম্বর ২০২৩-এ শেষ হয়ে যায়। এরপরও তিনি প্রায় এক বছর কলকাতার নিউ মার্কেট এলাকায় অবৈধভাবে অবস্থান করেন।
পরে এক অজ্ঞাত দালাল তাকে নেপালের মাধ্যমে ইউরোপে কাজের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেয়। সেই প্রলোভনে তিনি নেপালে চলে যান এবং সেখানে প্রায় দেড় বছর ওয়েল্ডার হিসেবে কাজ করেন। পরবর্তীতে ওই দালাল তার সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
সম্প্রতি তার মা বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে চলমান প্রত্যাবাসন সংক্রান্ত খবর জানিয়ে তাকে আইনগতভাবে আত্মসমর্পণের পরামর্শ দেন। সেই অনুযায়ী তিনি কাঠমান্ডু থেকে কাকরভিট্টা এসে ৩ জুন পানিটঙ্কি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন।
এসএসবি, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার যৌথ জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে Foreigners Act এবং Passport Act-এর প্রাসঙ্গিক ধারায় মামলা রুজুর প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হচ্ছে।
৪১তম ব্যাটালিয়ন এসএসবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
