খড়িবাড়ি: শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির বুড়াগঞ্জের পান্থাবাড়ি মৌজায় কথিত জমি জালিয়াতির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম দেবরাজ রাই। অভিযোগকারী হিরেন গোপের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০০৫ সালে পলাশ সরকার নামে এক ব্যক্তি ওই মৌজায় একটি জমি কেনেন।
একই দাগে হিরেন গোপ ও তাঁর ভাইয়েরও জমি রয়েছে। ২০০৬ সালে পলাশ সরকার তাঁর জমি হিরেন গোপকে আধিয়ারসত্তে দেন। এরপর পলাশ সরকার নিখোঁজ হয়ে গেলেও দীর্ঘদিন ধরে ওই জমিতে চাষাবাদ করে আসছিলেন হিরেন। হিরেন গোপের দাবি, ২০২৪ সালে একটি জমি মাফিয়া চক্র ভুয়ো পরিচয়ে এক ব্যক্তিকে পলাশ সরকার সাজিয়ে সেই জমি দেবরাজ রাইয়ের নামে বিক্রি করে।
অভিযোগ, জমি রেজিস্ট্রির মাত্র দু'মিনিটের মধ্যেই দেবরাজ রাই আবার সেই জমি আরও তিনজনের কাছে বিক্রি করে দেন। অভিযোগকারীর দাবি, ওই তিনজন এলাকায় জমি কেনাবেচার সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। হিরেন গোপের আরও অভিযোগ, পূর্বে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
পরে গত ২৮ জুন ফের অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত অমিত বাড়ুই, দীপঙ্কর মণ্ডল ও স্বপন সরকার তাঁকে হুমকি ও ভয় দেখানোর চেষ্টা করেন বলেও অভিযোগ। অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা আগাম জামিনের আবেদন করলেও তা মঞ্জুর হয়নি। এরপরও তারা এলাকায় ঘোরাফেরা করছিল।
বিষয়টি সার্কেল ইন্সপেক্টরের নজরে আনার পর পুলিশ অভিযান চালিয়ে দেবরাজ রাইকে গ্রেফতার করে। এই ঘটনায় বাকি তিন অভিযুক্তকেও দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন অভিযোগকারী। পুলিশের এই পদক্ষেপে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা আদালতে বিচারাধীন। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
