রাখি পরে বিহার থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু দুই যুবকের
খড়িবাড়ি: রাখি উৎসব উপলক্ষে বিহারে গিয়ে রাখি পরে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। খড়িবাড়ির কেলাবাড়ি এলাকায় ৩২৭ নম্বর জাতীয় সড়কে বাইক ও একটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তাঁরা। পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনেরই মৃত্যু হয়।
মৃত দুই যুবকের নাম পঙ্কজ কুমার ও বিজয় সাহানি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাখি উপলক্ষে বিহার থেকে বাইকে করে পানিট্যাঙ্কির দিকে বাড়ি ফিরছিলেন দু’জন। সেই সময় কেলাবাড়ি এলাকায় ৩২৭ নম্বর জাতীয় সড়কের উপর একটি চারচাকা গাড়ির সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে প্রথমে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় পঙ্কজ কুমার ও বিজয় সাহানির।
জানা গিয়েছে, মৃত বিজয় সাহানি নেপালের বাসিন্দা। অন্যদিকে, পঙ্কজ কুমারের বাড়ি শিলিগুড়িতে বলে জানা গেছে।
এদিকে, দুর্ঘটনার পর চারচাকা গাড়িটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। দুর্ঘটনায় জড়িত গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং চারচাকা গাড়িটির চালকের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
রাখির আনন্দের দিনে দুই যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁদের পরিবার ও পরিচিত মহলে।
খড়িবাড়িতে ডি আই ফান্ডের জমি নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কেপিপির
খড়িবাড়ি দুর্ঘটনা, Kharibari Road Accident, পথ দুর্ঘটনা, NH 327, পানিট্যাঙ্কি, রক্ষাবন্ধন, রাখি উৎসব, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, শিলিগুড়ি নিউজ, নেপাল, Darjeeling News
