নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ব্লক পাবলিক হেলথ ইউনিটের উদ্বোধন, এবার এক ছাদের তলায় ৪০-৫০ ধরনের রক্ত পরীক্ষা
নকশালবাড়ি | নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় আরও এক গুরুত্বপূর্ণ সংযোজন। দীর্ঘ প্রতীক্ষার পর নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ব্লক পাবলিক হেলথ ইউনিট (Block Public Health Unit - BPHU)। এর ফলে এখন থেকে হাসপাতালেই এক ছাদের তলায় রক্তের প্রায় ৪০ থেকে ৫০ ধরনের পরীক্ষা করা সম্ভব হবে, যা এতদিন রোগীদের বাইরে গিয়ে করাতে হতো।
রবিবার রাজ্যের আইন ও পরিবহন দফতরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন ফিতে কেটে এই অত্যাধুনিক স্বাস্থ্য ইউনিটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসী প্রামানিক, স্বাস্থ্য দফতরের আধিকারিক, চিকিৎসক এবং হাসপাতালের কর্মীরা।
মন্ত্রী আনন্দময় বর্মন জানান, আপাতত ইউনিটটির ট্রায়াল রান শুরু হয়েছে। খুব শীঘ্রই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সমস্ত প্রয়োজনীয় রক্ত পরীক্ষা এখানেই করা যাবে। এতে রোগীদের সময় ও অর্থ—দুইই সাশ্রয় হবে এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য হবে।
জানা গিয়েছে, ৬৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে নতুন ভবন, পাশাপাশি ২০ লক্ষ টাকা ব্যয়ে বসানো হয়েছে অত্যাধুনিক পরীক্ষার যন্ত্রপাতি। এই ইউনিটে লিপিড প্রোফাইল, ব্লাড সুগার, থাইরয়েড, লিভার ও কিডনি ফাংশন টেস্ট-সহ প্রায় ৪০-৫০ ধরনের রক্ত পরীক্ষা করা যাবে।
মন্ত্রী আরও জানান, রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। খুব শীঘ্রই সাধারণ মানুষ আয়ুষ্মান ভারত কার্ড পাবেন। এছাড়া যারা এই প্রকল্পের আওতায় আসবেন না, তাঁদের জন্যও সমপরিমাণ আর্থিক সহায়তায় চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, রাজ্য বাজেট অনুযায়ী এই অঞ্চলে AIIMS প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আয়ুষ বিভাগ আলাদাভাবে গড়ে তোলার উদ্যোগও নেওয়া হবে।
হাসপাতালে ভর্তি রোগীদের খাবারের মান নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, অতীতে খাবার নিয়ে অভিযোগ পাওয়া গিয়েছিল। সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে এবং বর্তমানে রোগীদের খাবারের বরাদ্দ ৫৬ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে।
নতুন ব্লক পাবলিক হেলথ ইউনিট চালু হওয়ায় নকশালবাড়ি-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবা পাওয়া আরও সহজ হবে বলে মনে করছেন চিকিৎসক ও স্থানীয় বাসিন্দারা। উদ্বোধনকে ঘিরে এদিন হাসপাতাল চত্বরে ছিল উৎসবের আবহ।
নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল
Block Public Health Unit
আনন্দময় বর্মন
২০৪ গ্রাম ব্রাউন সুগারসহ মালদার যুবক গ্রেপ্তার, খড়িবাড়ি থানার তদন্তে উঠে আসছে পাচারচক্রের সূত্র
ডাঃ তুলসী প্রামানিক
রক্ত পরীক্ষা
Naxalbari Hospital
Darjeeling Health News
West Bengal Health News
