রাখি উৎসবের রাতে ডাকাতির পরিকল্পনা! নকশালবাড়িতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩
নকশালবাড়ি: রাখি উৎসবের রাতেই ডাকাতির পরিকল্পনা! পুলিশের তৎপরতায় নস্যাৎ হল সেই পরিকল্পনা। নকশালবাড়ি থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে ডাকাতির পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিন যুবককে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নকশালবাড়ি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে নকশালবাড়ি থানার পুলিশ নিয়মিত টহল চালানোর সময় নিখিল স্মৃতি ময়দান সংলগ্ন অন্ধকার ও নির্জন এলাকায় কয়েকজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। বিষয়টি নজরে আসতেই পুলিশ অভিযান চালায়।
অভিযানে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করেছে বলে পুলিশের দাবি। এরপরই ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
ধৃতদের নাম প্রিন্স রাজ, মহম্মদ সামসের ও কিশোর বাসফর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনজনই নকশালবাড়ির বাসিন্দা।
পুলিশের দাবি, ধৃতদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা হাসুয়া, লোহার রড-সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। ধৃত তিনজনকে শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
তবে পুলিশের অভিযোগ ও তদন্তের ভিত্তিতেই বিষয়টি সামনে এসেছে; আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তরা আইনত নির্দোষ।
পানিট্যাঙ্কি সীমান্তে মানব পাচারের ছক বানচাল, ৪ নাবালিকাসহ ৬ মহিলাকে উদ্ধার! গ্রেফতার ২
নকশালবাড়ি, Naxalbari News, Siliguri News, Darjeeling News, Police News, ডাকাতির পরিকল্পনা, গ্রেফতার, West Bengal News, North Bengal News, Rakhi Festival
