পথ নিরাপত্তা সপ্তাহে নকশালবাড়িতে অভিনব উদ্যোগ, পথনাটিকায় ট্রাফিক সচেতনতার বার্তা
নকশালবাড়ি: ট্রাফিক সচেতনতাই পথ দুর্ঘটনা রুখতে অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলার বিষয়ে আরও সচেতন করতে রাজ্যজুড়ে পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। সেই উপলক্ষে অভিনব উদ্যোগ নিল নকশালবাড়ি ট্রাফিক গার্ড।
পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে নকশালবাড়িতে আয়োজিত হয় একটি সচেতনতামূলক শোভাযাত্রা। শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিল যমরাজ, চিত্রগুপ্ত ও যমদূতকে নিয়ে পথনাটিকা। পথনাটিকার মাধ্যমে হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা এবং অসতর্কভাবে গাড়ি চালানোর বিপদ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
পরে নকশালবাড়ি কমিউনিটি হলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পথ নিরাপত্তা সপ্তাহের মূল অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার ট্রাফিক ডিএসপি কল্যাণ গুরুং, রুরাল ট্রাফিক ইন্সপেক্টর মুকুল মিয়া, নকশালবাড়ি ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিক ও কর্মীরা সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে দার্জিলিং জেলার ট্রাফিক ডিএসপি কল্যাণ গুরুং জানান, পথ দুর্ঘটনা কমাতে ট্রাফিক সচেতনতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জেলার ১৩টি ট্রাফিক গার্ডকে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু পথ নিরাপত্তা সপ্তাহেই নয়, প্রতি মাসেই বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।
ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতনতা বৃদ্ধির ফলে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও কমেছে বলে জানান ট্রাফিক ডিএসপি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর পথ দুর্ঘটনায় ৮৪ জনের মৃত্যু হলেও চলতি বছরে এখনও পর্যন্ত সেই সংখ্যা কমে ৩৪ জনে দাঁড়িয়েছে।
এদিন সাধারণ মানুষের উদ্দেশ্যে রাস্তায় চলাচলের সময় ট্রাফিক নিয়ম মেনে চলার আবেদন জানান কল্যাণ গুরুং। বিশেষ করে বাইক চালকদের হেলমেট পরা, গাড়ি চালানোর সময় সতর্ক থাকা এবং অন্যান্য ট্রাফিক বিধি মেনে চলার বার্তা দেওয়া হয়।
পথ দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার জন্য এদিন বেশ কয়েকজনকে সম্মানিতও করা হয় নকশালবাড়ি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে।
অন্যদিকে, দিনভর নকশালবাড়ি এলাকায় চলেছে বিশেষ সচেতনতামূলক অভিযান। হেলমেটবিহীন বাইক চালকদের হাতে হেলমেট তুলে দিয়ে নিরাপদে বাইক চালানোর বার্তা দেওয়া হয়।
ট্রাফিক নিয়ম মেনে চলুন, নিজের জীবন ও অন্যের জীবন সুরক্ষিত রাখুন—পথ নিরাপত্তা সপ্তাহে নকশালবাড়ি ট্রাফিক পুলিশের বার্তা এখন জনসচেতনতার কেন্দ্রে।
