নকশালবাড়ি : নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে এক রোগী মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা! হাসপাতালের চিকিৎসককে ঘিরে বিক্ষোভ রোগীর পরিজনদের! অভিযোগ চিকিৎসার গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে রোগীর।
মৃতের নাম সুবীর লাকরা, নকশালবাড়ির বিজয়নগর চা বাগানের বাসিন্দা। জানা গিয়েছে , গতকাল সকালে আমোসা ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয় ২৭ বছর বয়সী সুবীর। অভিযোগ সঠিক চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে সুবীরের।
হাসপাতালে আয়াকে দিয়ে অক্সিজেন দেওয়া হয়। মৃতের পরিবারকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ করে মৃতের ভাই প্রীতম লাকরা। দ্রুত তদন্তে করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান মৃতের পরিজনেরা।
অন্যদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ। গোটা ঘটনায় কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগে করেন মৃতের মা। পরে পুলিশ ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় মৃতের পরিবার।
ঘটনাটি তদন্ত সাপেক্ষ, ময়নাতদন্তের পর পরিস্কার বলা যাবে বলে জানান ব্লক স্বাস্থ্য আধিকারিক কুন্তল ঘোষ। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে।
