ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর পাইকপাড়ায় অনলাইন পরিষেবার আড়ালে এই অবৈধ কারবারের হদিস পেয়ে খড়িবাড়ি এবং ফাঁসিদেওয়া থানার বিধাননগর তদন্ত কেন্দ্র পুলিশের যৌথ অভিযান।
কম্পিউটারে সফটওয়্যার দিয়ে জাল জন্ম ও মৃত্যু সার্টিফিকেট এমনকি আধার কার্ড করত ধৃত বলে অভিযোগ। ঘটনায় সুব্রত ঘোষ ওরফে লিটন ঘোষকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতের দোকানে ৩টি কম্পিউটার থেকে একাধিক জন্ম-মৃত্যু শংসাপত্র উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে দোকানে রেটিনা স্ক্যানার, আধার তৈরির জন্য ব্যবহৃত বায়োমেট্রিক মেশিনও বাজেয়াপ্ত করা হয়েছে।
আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডের আবেদন করবে পুলিশ। খড়িবাড়ির গ্রামীণ হাসপাতালে এই সার্টিফিকেট কান্ডে মূল অভিযুক্ত পার্থ সাহার সঙ্গে কি সম্পর্ক ছিল ধৃতের তা তদন্ত শুরু করেছে পুলিশ।
