প্রথমে তিনি ২ হাজার টাকা তোলেন। এরপর ব্যালেন্স চেক করতে বললে দেখা যায়, তাঁর ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা। ব্যালেন্স দেখে সিএসপি কেন্দ্রের কর্মীও হতবাক হয়ে পড়েন এবং বিষয়টি মেহেরুন নিসাকে জানান।
এত বিপুল অঙ্কের টাকা নিজের অ্যাকাউন্টে দেখে তিনিও বিস্মিত হয়ে পড়েন। তবে কীভাবে এই টাকা তাঁর অ্যাকাউন্টে দেখাচ্ছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। খবরটি মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
তবে এটি প্রযুক্তিগত ত্রুটি, নাকি অন্য কোনো কারণে এমন ব্যালেন্স দেখা যাচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
