খড়িবাড়ি : দুয়ারে রেশন প্রকল্পের সুবিধা নিতে গিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। রেশন সামগ্রীর এন্ট্রি হয়ে গেলেও দোকানে গিয়ে পণ্য নিতে বাধ্য করা, এবং কখনও কখনও এন্ট্রির সাত দিন পরেও সামগ্রী না পাওয়ার অভিযোগে আজ খড়িবাড়ির রুপনজোত এলাকায় এক রেশন ডিলারকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রুপনজোতে 'দুয়ারে রেশন' ক্যাম্প আয়োজিত হয়। গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে সামগ্রী নিতে গেলে তাদের হাতে একটি স্লিপ ধরিয়ে দেওয়া হয় এবং মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে তারা রেশন সামগ্রী পেয়ে গেছেন। কিন্তু গ্রাহকদের অভিযোগ, রেশন ডিলার বুলা রায় তাদের সামগ্রী নিতে রেশন দোকানে যেতে বলছেন।
এতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। ডিলার বুলা রায়কে ঘিরে শুরু হয় তুমুল বিক্ষোভ। বিক্ষোভকারী গ্রাহকদের আরও অভিযোগ, অনেক সময় এন্ট্রি করার সাত দিনেরও বেশি সময় পর তাদের হাতে রেশন সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। এই বিলম্ব এবং হয়রানিতে গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। তাদের বক্তব্য, যদি সামগ্রী পরে গিয়েই নিতে হয়, তাহলে 'দুয়ারে রেশন' প্রকল্পের উদ্দেশ্যই বা কী?
যদিও ডিলার বুলা রায়ের দাবি, সার্ভার সমস্যার কারণেই এই ধরনের জটিলতা তৈরি হচ্ছে এবং আগামী মাস থেকে এই সমস্যার সমাধান হয়ে যাবে। অন্যদিকে, খাদ্য দফতরের আধিকারিকরা এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে গ্রাহকদের প্রশ্ন, 'দুয়ারে রেশন' প্রকল্পের মূল উদ্দেশ্যই যদি বাড়িতে বসে রেশন সামগ্রী পাওয়া হয়, তাহলে এমন অব্যবস্থা কেন? অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তারা।
