খড়িবাড়ি : খড়িবাড়িতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা। সোমবার খড়িবাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উত্তরবঙ্গ সৎসঙ্গ তপোবন কমিউনিটির উদ্যোগে খড়িবাড়ি ব্লক এলাকার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এইদিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনার পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা দিতে প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা শ্রীমতী সাধনা সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং তিনি ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
কমিউনিটির সভাপতি মনিকা রায় সিংহ জানান, এই সংবর্ধনা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে আরও ভালো ফল করতে অনুপ্রাণিত করা এবং তাদের মধ্যে পরিবেশ রক্ষা ও সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তোলা।
তিনি বিশ্বাস করেন যে আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তাদের মধ্যে ছোটবেলা থেকেই এই মূল্যবোধগুলি তৈরি হলে একটি সুন্দর সমাজ ও পৃথিবী গড়ে তোলা সম্ভব। বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীরা এই সংবর্ধনা পেয়ে অত্যন্ত আনন্দিত।
