পুলিশের চোখ ফাঁকি দিতে অভিনব কৌশল নিয়েছিল মাদক কারবারিরা। পেটিএম সাউন্ড বক্সের ভেতরে লুকিয়ে ব্রাউন সুগার ও নিষিদ্ধ কফ সিরাপ পাচারের চেষ্টা চলছিল। কিন্তু গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে খড়িবাড়ির ডুমরিয়া এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘোষপুকুর-খড়িবাড়ি রাজ্য সড়ক ধরে দুটি বাইকে করে সীমান্ত এলাকায় মাদক হাতবদলের উদ্দেশ্যে যাচ্ছিল তারা। তল্লাশি চালিয়ে একটি সাউন্ড বক্সের ভেতর থেকে উদ্ধার হয় ২০৫ গ্রাম ব্রাউন সুগার এবং ১২ বোতল নিষিদ্ধ কফ সিরাপ।
ধৃতদের নাম মহম্মদ তৈয়ব আলি ও আলি হুসেন, দুজনেই চোপড়ার বাসিন্দা। অপরজন আবদুল রেজ্জাক, জলপাইগুড়ির ফুলবাড়ি এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, ধৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত। আজ তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং মাদক কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা জানতে শুরু হয়েছে তদন্ত।
